খেলাধুলা

‘রোনালদো কখনোই মেসি হবে না, তার সরে দাঁড়ানো উচিত’

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রত্যাশামতো টুর্নামেন্ট শুরু করতে পারেনি অন্যতম ফেবারিট পর্তুগাল। এর ফলে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো, যার পারফরম্যান্স নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।

Advertisement

কঙ্গোর বিপক্ষে ম্যাচ শেষে সাবেক ইংল্যান্ড ফরোয়ার্ড জে বোথরয়েড বলেন, দলের শুরুর একাদশে রোনালদোর উপস্থিতিই এখন সমস্যায় পরিণত হচ্ছে এবং তার উচিত দল থেকে সরে দাঁড়ানো।

রবার্তো মার্তিনেজের দল টুর্নামেন্টে গ্রুপ ‘কে’-এর অন্যতম ফেবারিট হিসেবেই খেলতে নামে। ম্যাচের শুরুতেই পর্তুগাল হোয়াও নেভেসের গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের শেষ মুহূর্তে ইওয়ানে উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো।

রোনালদো পুরো ৯০ মিনিট খেললেও তিনি কোনো অন টার্গেট শট নিতে পারেননি, কোনো গোলের সুযোগও তৈরি করতে পারেননি এবং দুটি সহজ সুযোগ নষ্ট করেন। ফলে আবারও পর্তুগাল দলে তার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক তৈরি হয়।

Advertisement

স্কাই স্পোর্টসের বিশ্লেষণ অনুষ্ঠানে বোথরয়েড মনে করেন, রোনালদো শুরু থেকে না খেলে বদলি হিসেবে নামলে বেশি কার্যকর হতে পারতো। যখন প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লান্ত থাকে।

তিনি বলেন, ‘সত্যি বলতে কি! আমার মনে হয় রোনালদো যদি একজন টিম প্লেয়ার হন, তবে তার সরে দাঁড়ানো উচিত এবং এটা বোঝা উচিত যে, তাকে বেঞ্চ থেকে নেমে এসে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি কি কখনও এটা করবেন? না, আমার মনে হয় না। এটাই আমার কথা।’

তিনি আরও বলেন, ‘আমি রোনালদোর দিকে তাকাই…, তার সমর্থকরা হয়তো আজ আমাকে ঘৃণা করবে; কিন্তু মনে হয় সবকিছু তাকে ঘিরেই। সে সবসময় মেসির সঙ্গে প্রতিযোগিতায় আছে। সে কখনোই মেসি হবে না; কিন্তু ক্যারিয়ারে সে নিজের সর্বোচ্চটাই করেছে। তবে এখন সে পর্তুগালের জন্য সাহায্যের চেয়ে বাধা হয়ে উঠছে এবং আমার মনে হয় এখানেই মার্তিনেজ ভুল করছেন।’

এই ম্যাচের পর পর্তুগাল টুর্নামেন্টে বেশ কঠিন অবস্থায় পড়েছে। কঙ্গোর বিপক্ষে বল দখলে আধিপত্য থাকলেও তারা কার্যকর আক্রমণ গড়তে ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে।

Advertisement

এখন রোনালদো ও তার সতীর্থদের ২৩ জুন উজবেকিস্তানের বিপক্ষে হিউস্টনে জয়ের বিকল্প নেই, কারণ পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে ওই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে মিয়ামিতে।

অন্যদিকে সমালোচনার মধ্যেও কোচ রবার্তো মার্তিনেজ প্রকাশ্যে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘গোল করার প্রয়োজনীয় মুহূর্তে তাকে বদলি করা কোনোভাবেই যুক্তিযুক্ত হতো না।’ অভিজ্ঞতার কারণে তিনি পরবর্তী ম্যাচগুলোতেও রোনালদোর ওপর আস্থা রাখছেন।

রোনালদো নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে শান্ত থাকার বার্তা দিয়েছেন। তিনি স্বীকার করেন যে, ড্র প্রত্যাশিত ফল ছিল না, তবে একই সঙ্গে মনে করিয়ে দেন যে বিশ্বকাপ ‘এখনও অনেক দূর বাকি।’

এমএআর/আইএইচএস/