প্রধানমন্ত্রীর উপহারের পর এবার ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হলেন নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ফুটবলারদের উৎসাহ জুগিয়ে ভাইরাল হওয়া শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পলি।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন সই করা এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০০৮ এর ২ (১৫) অনুযায়ী পরিষদের চেয়ারম্যান এ অনুমোদন দেন।
ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসক মনিরা হককে। সহ-সভাপতি জেলা পুলিশ সুপারের সহধর্মিণী।
এর আগে, গত ৩ জুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ক্ষুদে ফুটবলারদের উৎসাহ দিয়ে ভাইরাল হওয়া ফেনী সদর উপজেলার গিল্লা বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার। সাক্ষাৎ শেষে খালেদা আক্তার জানিয়েছিলেন, চাকরির বিধি লঙ্ঘন হবে না এমন সব সংস্থায় তাকে পদ-পদবি প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিমন্ত্রী।
Advertisement
তার আগে, ওই শিক্ষিকাকে উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ মে খালেদার বাসায় গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার তুলে দেন জেলা প্রশাসক মনিরা হক।
গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সেমিফাইনালে অংশ নেয় সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ চলাকালীন বিদ্যালয়টির সহকারী শিক্ষক সৈয়দা খালেদা আক্তার পারভীন তার শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিওচিত্র দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ইতিবাচক সাড়া পড়ে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম
Advertisement