বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বেগম রোকেয়া হল ইউনিট-২ এর ছাত্রীদের দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হলো মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে। ফুটবল বিশ্বকাপের খেলা দেখার জন্য সকালে সংসদ সদস্যের কাছে ছাত্রীদের করা দাবি বিকেলের মধ্যেই বাস্তবে রূপ নিয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কলেজ ছাত্রদলের নেতারা বেগম রোকেয়া হলের শিক্ষার্থীদের হাতে একটি টেলিভিশন হস্তান্তর করেন। এসময় হল সুপার শারমিন আক্তার এবং সহকারী হল সুপার মো. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সরকারি আজিজুল হক কলেজে অবকাঠামোগত উন্নয়ন, ভবন সংস্কার ও নতুন বাস সেবার উদ্বোধন করতে আসেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বেগম রোকেয়া হলের ছাত্রীরা হলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা চলমান ফুটবল বিশ্বকাপ খেলা দেখার জন্য একটি টেলিভিশনের দাবি জানান। ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সংসদ সদস্যের দেওয়া আশ্বাসের পরপরই বিকেলে হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ছাত্রদল নেতাদের সমন্বয়ে টেলিভিশনটি ক্রয় করে হলে নিয়ে আসা হয়।
টেলিভিশন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হলের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘বিশ্বকাপ শুরু হলেও হলে টিভি না থাকায় নিয়মিত খেলা দেখতে পারছিলাম না। সকালে দাবি জানানোর পর বিকেলের মধ্যেই টেলিভিশন পেয়ে অত্যন্ত আনন্দিত।’
Advertisement
আরেক শিক্ষার্থী বর্ষা বলেন, ‘আমরা টেলিফোনে দাবি করার কয়েক ঘন্টার মধ্যেই টেলিভিশন পেয়েছি। আশা করছি হলের অন্যান্য সমস্যাগুলোও দ্রুত সমাধানের জন্য সংসদ সদস্যের সহযোগিতা পাবো।’
আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব বলেন, ‘আমরা প্রতিশ্রুতি দিয়ে ফেলে রাখতে চাই না। সকালে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বিকেলেই বাস্তবায়ন করা হয়েছে।’
কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল হাসান শাকিল বলেন, সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা-সহায়ক যেকোনো যৌক্তিক দাবিতে ছাত্রদল সবসময় পাশে থাকবে।
এলবি/এসআর/জেআইএম
Advertisement