জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চব্বিশের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তকে ‘দায়মুক্তি বিচার’ বলে আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তদন্তে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের পরিচয় ফাঁস হওয়ার অভিযোগও তুলেছেন তারা।
Advertisement
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় শিক্ষার্থীরা এ অভিযোগ তোলেন।
আলোচনায় জাবি শিক্ষার্থী আন্জুম শাহরিয়ার বলেন, জুলাই হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষে ৪৩ জনকে বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু কীসের ভিত্তিতে এবং কী যুক্তিতে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রশাসনের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
তিনি আরও অভিযোগ করেন, তদন্ত কার্যক্রমে যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের পরিচয় ফাঁস হয়ে গেছে। তাদের ফোন করে সরাসরি কার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তা জানিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সাক্ষীদের পরিচয় গোপন রাখা বিচার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ফলে সাক্ষীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক তৈরি হয়েছে।
Advertisement
তদন্তে সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের নাম ফাঁসের অভিযোগ করে আরেক শিক্ষার্থী বলেন, যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। অথচ সাক্ষ্য দেওয়ার সময় প্রশাসন ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। অর্থাৎ প্রশাসনের ভেতর থেকেই তথ্য ফাঁস হয়েছে বলে আমাদের ধারণা। কে কার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, সেই তথ্য জানিয়ে সাক্ষ্য প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে।
এসময় সাক্ষীদের তথ্য ফাঁসের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করেই সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষীদের নাম ফাঁসের বিষয়টি যাচাই করা হয়েছে। এখন পর্যন্ত এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো. রকিব হাসান প্রান্ত/কেএইচকে/জেআইএম
Advertisement