দেশজুড়ে

বাবাকে ‘শহীদ মুক্তিযোদ্ধা’ দাবি করা জামায়াত এমপির ভুল স্বীকার

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে দেশজুড়ে সমালোচিত জামায়াতে ইসলামীর নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনি হলফনামা অনুযায়ী তার জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি।

Advertisement

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আব্দুল মুনতাকিমের বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। বেঁচে আছেন তার বাবা আব্দুল কাদের সৈয়দী।

তবে ওই বক্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন এমপি মুনতাকিম। সংসদের বক্তব্য সংশোধনের জন্য এরইমধ্যে তিনি স্পিকার বরাবর চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন।

আব্দুল মুনতাকিম সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আব্দুল কাদের সৈয়দীর ছেলে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে সৈয়দপুরের আল-ফারুক একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন।

Advertisement

রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাই যোদ্ধা।’

সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম বলেন, “এটা এমপি মহোদয়ের ‘স্লিপ অব টাং’। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখাই ভালো।”

আব্দুল মুনতাকিমের বাবা আব্দুল কাদের সৈয়দী বলেন, ‘হয়তো এটা সে ভুল করে বলে ফেলেছে। তবে মানুষ হিসেবে সে খুব ভালো এবং মানবিক। এবার জাতীয় নির্বাচনে সে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার জন্য দোয়া করবেন।’

এ বিষয়ে এমপি আব্দুল মুনতাকিমের ভাষ্য, ‘সংসদে দেওয়া বক্তব্য সম্পূর্ণ সঠিক ছিল না। তবে আমার দাদার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আমি আমার ভুল স্বীকার করে সংসদীয় প্রসিডিং অনুযায়ী স্পিকার বরাবর ১৭ জুন (বুধবার) চিঠি দিয়েছি। এতে আমার বক্তব্যের ভুলগুলো সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে। এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

Advertisement

আমিরুল হক/এসআর/জেআইএম