আইন-আদালত

আইনজীবীদের প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

সুপ্রিম কোর্টের আইনজীবীদের জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আইনজীবীদের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়ে বড় জয় পেয়েছে ব্রাজিল। ‘অ্যাডভোকেটস সুপ্রিম কোর্ট ব্যাচ-২২’-এর উদ্যোগে আয়োজিত বৃহস্পতিবারের (১৮ জুন) এই ম্যাচে ব্রাজিল ৫-২ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে।

Advertisement

আইনজীবীদের পেশাগত ব্যস্ততার বাইরে সুস্থ বিনোদন ও সৌহার্দ্য বাড়াতে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শুরুর পর থেকেই মাঠের ফুটবলীয় লড়াইয়ে মেতে ওঠেন কালো কোট ছেড়ে জার্সি গায়ে জড়ানো আইনজীবীরা।

খেলার প্রথমার্ধ থেকেই মাঠের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল সমর্থক আইনজীবীদের দল। একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় আর্জেন্টিনার রক্ষণভাগকে।

সুনিপুণ পাস আর দুর্দান্ত ফিনিশিংয়ের কল্যাণে একে একে পাঁচবার আর্জেন্টিনার জালে বল পাঠায় ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনা দল পাল্টা আক্রমণ চালিয়ে দুটি গোল শোধ করতে পারলেও পরাজয় এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৫-২ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে বিজয়ী ব্রাজিল।

Advertisement

ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি বিতরণী অনুষ্ঠানে ব্যাচ-২২ এর আইনজীবীরা বলেন, আদালত কক্ষের চেনা আবহ থেকে বেরিয়ে এসে এমন একটি ম্যাচ সবার মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে দারুণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

এফএইচ/কেএএ/