তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ হ্যাক হলে এক কোডেই বন্ধ হবে হ্যাকারদের অ্যাক্সেস

 

বর্তমানে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বেড়েছে সাইবার প্রতারণার ঘটনাও। অনেক ব্যবহারকারী হঠাৎ করেই দেখতে পান তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য ডিভাইসে লগইন হয়ে গেছে অথবা নিজেরাই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

Advertisement

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অনেক সময় হ্যাকাররা কল বা মেসেজ ফরওয়ার্ডিং ব্যবহার করে ওটিপি নিজেদের কাছে পৌঁছে নেয়। ফলে ব্যবহারকারীর অজান্তেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়। এই ঝুঁকি কমাতে প্রথমেই ফোন থেকে একটি বিশেষ ইউএসএসডি কোড ডায়াল করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রথম ধাপ: ফরওয়ার্ডিং পরিষেবা বন্ধ করুন

যদি সন্দেহ হয় যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে ফোনের ডায়ালার খুলে ##21# কোডটি ডায়াল করুন। এই কোডের মাধ্যমে ডিভাইসে সক্রিয় থাকা কল ফরওয়ার্ডিং এবং সংশ্লিষ্ট ফরওয়ার্ডিং সেটিংস নিষ্ক্রিয় করা সম্ভব। ফলে ভবিষ্যতে ওটিপি বা যাচাইকরণ কোড অন্য কারো কাছে চলে যাওয়ার আশঙ্কা কমে যাবে।

আরও পড়ুন ব্যাকআপের জন্য নিজস্ব ক্লাউড ও পাসকি ফিচার আনছে হোয়াটসঅ্যাপ দ্বিতীয় ধাপ: হোয়াটসঅ্যাপে অভিযোগ জানান

ফরওয়ার্ডিং বন্ধ করার পর হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সহায়তা পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ জমা দিতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং সমস্যার বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে। অভিযোগের ধরন হিসেবে ‘মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড’ অপশন নির্বাচন করা প্রয়োজন।

Advertisement

অভিযোগ জমা দেওয়ার পর কী হবে?

প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। অভিযোগ গ্রহণ করা হলে যে ডিভাইসে অননুমোদিতভাবে আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে, সেখান থেকে সেটি লগআউট করে দেওয়া হতে পারে। এরপর নিজের মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

ভবিষ্যতে নিরাপদ থাকার উপায়

অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর অবশ্যই হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিভিকেশন চালু করা উচিত। পাশাপাশি অপরিচিত কোনো ব্যক্তি বা ওয়েবসাইটের সঙ্গে ওটিপি শেয়ার না করা এবং সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা জরুরি। নিয়মিত নিরাপত্তা সেটিংস পরীক্ষা করলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সহজ হয়।

সাইবার অপরাধের সংখ্যা বাড়তে থাকায় ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামান্য সতর্কতা এবং দ্রুত পদক্ষেপ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারে।

আরও পড়ুন হোয়াটসঅ্যাপ চ্যাট হ্যাকড হয়েছে বুঝবেন যেভাবে

কেএসকে

Advertisement