দেশজুড়ে

সাংবাদিক গ্রেফতারের ঘটনায় দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে ‌‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর চারজনকে নিয়ে উদ্ভূত ঘটনা এবং সাংবাদিক গ্রেফতারের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

Advertisement

শুক্রবার (১৯ জুন) প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই বলেও বিবৃতিতে স্পষ্ট করা হয়।

আরও পড়ুন সরকারি চিঠির ছবি ভাইরাল / এবার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে স্কুলের নামকরণের প্রস্তাব

সম্প্রতি ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর চারজনকে নিয়ে উদ্ভূত ঘটনায় দুঃখ প্রকাশ করে মীর শাহে আলম আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন। গ্রেফতার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

Advertisement

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেহেতু উদ্ভূত মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ, তাই এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়। প্রতিমন্ত্রী এ পরিস্থিতিতে সাংবাদিক সমাজের সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

পাশাপাশি নিজের বিষয়ে প্রচারিত বিভিন্ন অপতথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী।

এসআর/এএসএম

Advertisement