জাতীয়

হাইকোর্টে চার দিনে ২০৭৪০ পুরোনো মামলা নিষ্পত্তি

হাইকোর্টে চার দিনে ২০৭৪০ পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে। প্রতি সপ্তাহে একদিন করে চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়।

Advertisement

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম শনিবার (২০ জুন) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একদিনে বৃহস্পতিবার (১৮ জুন) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চসমূহে মোট ১৮৮৪টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে রিট মোশন বেঞ্চসমূহে ৫৪১টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এদিন হাইকোর্ট বিভাগে একদিনে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও পুরোনো রিট মামলা মিলিয়ে মোট ২৪২৫টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

Advertisement

শফিকুল ইসলাম আরও জানান, পুরোনো মামলা নিষ্পত্তি কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত চার কার্যদিবসে (প্রতি সপ্তাহে একদিন করে) মোট ১৫,১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫,৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশনা অনুসারে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চসমূহে দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ, মামলা জট হ্রাস এবং বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এ বিশেষ উদ্যোগের আওতায় ধারাবাহিকভাবে বিপুল সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা হচ্ছে।

গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন বেঞ্চসমূহের বিচারপতি দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরোনো ক্রিমিনাল মিস ও পুরোনো রিট মামলা নিষ্পত্তির বিশেষ এ কার্যক্রম শুরু করেন। পুরোনো মামলা নিষ্পত্তির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এফএইচ/এমআইএইচএস

Advertisement