চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। সকাল শুরু থেকে বিকেলের আড্ডা এক কাপ চা যেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। শুধু বাঙালি নয়, বিশ্বের সব দেশের মানুষ চা পান করেন। পানির পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় হচ্ছে চা তবে সব চায়ের দাম এক নয়। রাস্তার পাশের দোকানে কয়েক টাকায় এক কাপ চা পাওয়া গেলেও পৃথিবীতে এমন কিছু চা আছে, যার দাম শুনলে অবাক হতে হয়। এসব চায়ের মধ্যে সবচেয়ে দামি হিসেবে পরিচিত চীনের ‘দা হং পাও’ চা।
Advertisement
চা বিশেষজ্ঞদের মতে, দা হং পাও শুধু একটি পানীয় নয়, বরং এটি ইতিহাস, ঐতিহ্য এবং বিরলতার এক অনন্য সমন্বয়। এই চা উৎপন্ন হয় চীনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতমালা অঞ্চলে। পাহাড়ি পাথুরে পরিবেশে জন্ম নেওয়া বিশেষ চা গাছের পাতা থেকেই তৈরি হয় এই বিখ্যাত চা।
দা হং পাও নামের অর্থ ‘বড় লাল পোশাক’। এর সঙ্গে জড়িয়ে আছে কয়েক শতাব্দী পুরোনো একটি কিংবদন্তি। বলা হয়, এক সম্রাটের মা অসুস্থ হয়ে পড়লে এই চা পান করে সুস্থ হয়ে ওঠেন। খুশি হয়ে সম্রাট চা গাছগুলোকে সম্মান জানাতে লাল রঙের রাজকীয় পোশাক উপহার দেন। সেখান থেকেই চায়ের এই নামকরণ।
এই চায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিরলতা। আসল দা হং পাও উৎপাদনের জন্য ব্যবহৃত মূল চা গাছের সংখ্যা ছিল মাত্র কয়েকটি। শত শত বছরের পুরোনো সেই গাছগুলোকে বর্তমানে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। ফলে মূল গাছ থেকে উৎপাদিত চা বাজারে প্রায় পাওয়া যায় না বললেই চলে।
Advertisement
বিশ্বের সবচেয়ে দামি চা হিসেবে দা হং পাওর মূল্য আকাশছোঁয়া। বিভিন্ন আন্তর্জাতিক নিলামে এর এক কেজির দাম ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি পর্যন্ত উঠেছে বলে জানা যায়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটিরও বেশি টাকা। অবশ্য বর্তমানে বাজারে যে দা হং পাও পাওয়া যায়, তার বেশিরভাগই মূল গাছের বংশধর গাছ থেকে উৎপাদিত। সেগুলোর দাম তুলনামূলক কম হলেও এখনো বিশ্বের অন্যতম ব্যয়বহুল চায়ের তালিকায় রয়েছে।
দা হং পাওর স্বাদও একে অন্যদের থেকে আলাদা করেছে। এটি উলং চায়ের একটি বিশেষ ধরন। এর সুবাসে ফুল, ফল ও ভাজা বাদামের মিশ্র অনুভূতি পাওয়া যায়। একবার তৈরি করা চা পাতা দিয়ে একাধিকবার চা বানানো সম্ভব এবং প্রতিবারই স্বাদের ভিন্নতা অনুভূত হয়। চা রসিকদের কাছে এ কারণেই এর কদর এত বেশি।
আরও পড়ুন কোন দেশে কবে পালিত হয় চা দিবসতবে দা হং পাও একমাত্র দামি চা নয়। বিশ্বের বিলাসবহুল চায়ের তালিকায় আরও রয়েছে চীনের ‘টাইগুয়ানইন’, ভারতের ‘দার্জিলিং ফার্স্ট ফ্লাশ’ এবং জাপানের বিশেষ মানের ‘ম্যাচা’ চা। তবুও বিরলতা, ঐতিহাসিক গুরুত্ব এবং সীমিত উৎপাদনের কারণে দা হং পাও এখনও সবচেয়ে মর্যাদাপূর্ণ চা হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের মতে, দা হং পাওর মূল্য শুধু এর স্বাদে নয়, বরং এর ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের মধ্যেও নিহিত। তাই বিশ্বের সবচেয়ে দামি এই চা কেবল একটি পানীয় নয়, বরং এটি চা-সংস্কৃতির এক জীবন্ত ঐতিহ্য। এক কাপ দা হং পাও পান করা মানে যেন শতাব্দীপ্রাচীন ইতিহাসের একটি অংশকে স্পর্শ করা।
Advertisement
সূত্র: বিবিসি, সেন্সা টি বার
কেএসকে