চলতি বছরের আগস্টে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
Advertisement
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে আলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। পরে চলাচল শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই কোচ আসছে।
কাজিরহাট ফেরীঘাট স্থানান্তর প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, এটি বাস্তবায়ন করার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কার্যক্রম থাকে, সেটা ইতোমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্ট্যাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীর দাবি, এছাড়া এখানে বৃহত্তর বা জনস্বার্থ রয়েছে। ফলে বর্তমান সরকার দ্রুত সময়ে এ প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
Advertisement
এক প্রশ্নের জবাবে পরিবহনখাতে শৃঙ্খলা ফেরানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
এসময় পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা -৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরেফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার মো. ছুফি উল্লাহসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আলমগীর হোসাইন নাবিল/কেএইচকে/এএসএম
Advertisement