জাতীয়

শাহআলী থেকে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার, যুবক গ্রেফতার

রাজধানীর শাহআলী এলাকা থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার রংপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত জলিল মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শনিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার (১৯ জুন) সকালে রংপুরের কোতোয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়িটি উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জলিল মিয়াকে গ্রেফতার করা হয়।

শাহআলী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শাহআলী থানার ব্লক-জি এলাকার সুরমা ভবনের নিচের গ্যারেজ থেকে ভুক্তভোগী মো. রুহুল আমিন সবুজের মালিকানাধীন একটি টয়োটা প্রাইভেটকার চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহআলী থানায় একটি মামলা করেন।

তিনি বলেন, মামলার পর শাহআলী থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা এলাকা থেকে চোরাই গাড়ি উদ্ধার করে এবং অভিযুক্ত জলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

কেআর/এমএএইচ