শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা।
Advertisement
শনিবার (২০ জুন) সকালে হাটহাজারী উপজেলার খন্দকিয়া চিকনদণ্ডী শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে নবীন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি সাকিলা ফারজানা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীদিনের বাংলাদেশ। নিজেদের মেধা, যোগ্যতা ও সততার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুপ্রতাপ পাল শিক্ষার্থীদের সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন।
Advertisement
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়।
অনুষ্ঠানে কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. কাজী মো. মেজবাউল আলম, মো. গোলাম কিবরিয়া চৌধুরী ও মো. নজরুল ইসলাম খোকন, দাতা সদস্য ফারুক আহমেদ, হিতৈষী সদস্য মো. গোলাম কিবরিয়াসহ গভর্নিং বডির সদস্য, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়।
এমআরএএইচ/ইএ
Advertisement