খাগড়াছড়িতে এলপিজির সিলিন্ডারে গ্যাসের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অভিযোগে দুটি ডিলার প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
শনিবার (২০ জুন) দুপুরে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, ওই এলাকার সিকদার এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে বেক্সিমকোর একটি গ্যাস সিলিন্ডার কিনে প্রতারণার শিকার হন এক ক্রেতা। ওই ক্রেতার অভিযোগ, তিনি সম্প্রতি যে বেক্সিমকো গ্যাস সিলিন্ডারটি কিনেছিলেন সেটি স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম সময়ে শেষ হয়ে যায়। আগে একটি সিলিন্ডার কমপক্ষে এক মাস ব্যবহার করা গেলেও এবার সেটি ১৫ দিনের মধ্যেই শেষ হয়ে যায়। পরে তিনি সিলিন্ডারটি হাতে নিয়ে সন্দেহ হলে পরীক্ষা করে এর ভেতরে পানি থাকার বিষয়টি দেখতে পান।
পরে এই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান। অভিযানকালে অভিযোগের প্রমাণ পাওয়ায় সিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা করা হয়। একই সঙ্গে অন্য ডিলার পয়েন্টের নাম ব্যবহার ও অনিয়মের দায়ে জননী ট্রেডার্স নামে আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
এ বিষয়ে সিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. খায়রুল হোসেন জানান, তিনি জননী ট্রেডার্স থেকে গ্যাস সংগ্রহ করে খুচরা বিক্রি করেন। গ্যাসে পানি থাকার বিষয়ে তিনি পূর্বে অবগত ছিলেন না।
অন্যদিকে, খাগড়াছড়িতে বসুন্ধরা কোম্পানির গ্যাস ডিলার পয়েন্টের কর্ণধার শংকর দেবনাথ জানান, বেক্সিমকো এলপিজির ডিলার পয়েন্ট তার প্রতিষ্ঠানের অধীনে নেই। এর দায় একমাত্র সংশ্লিষ্ট কোম্পানি ও সরবরাহ ব্যবস্থার ওপর বর্তায় বলে তিনি মন্তব্য করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘জনস্বার্থ ও ভোক্তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে নিয়মিত বাজার মনিটরিং করছি। অসাধু ব্যবসায়ীরা যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রবীর সুমন/কেএইচকে/এমএস
Advertisement