সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে।
Advertisement
শনিবার (২০ জুন) চৌদ্দগ্রাম উপজেলার ডলি রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, ত্যাগের মানসিকতা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে আপোসহীন থাকতে হবে।
তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন ইসলামী কর্মীর প্রধান দায়িত্ব। সমাজের উন্নয়ন ও জনকল্যাণে জামায়াতের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
Advertisement
বিরোধী দলীয় উপনেতা বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে একটি সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম। সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এমএস
Advertisement