প্রবাস

প্রধানমন্ত্রীর সফর সফল করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ করতে কর্মব্যস্ত মালয়েশিয়া বিএনপি। তার সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

Advertisement

শনিবার (২০ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

বাদলুর রহমান খান বাদল বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি থাকা প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সফরের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ, বৈধতার সুযোগ বাড়ানো, শ্রমিকদের কল্যাণ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলো সফরে গুরুত্ব পাবে।

আরও পড়ুন প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে দুই চুক্তিসহ ১৭ দ্বিপক্ষীয় দলিল

মোশাররফ হোসেন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত লাখো বাংলাদেশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে দুই দেশের সরকারের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সফর সেই সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

Advertisement

বক্তারা বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে কর্মী নিয়োগে বিভিন্ন জটিলতা ও সিন্ডিকেটের কারণে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা আশা করেন, প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং স্বচ্ছ ও উন্মুক্ত প্রক্রিয়ায় কর্মী নিয়োগের পথ আরও সুগম হবে।

একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত বা অবৈধ বাংলাদেশিদের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা।

তারা বলেন, বৈধতার সুযোগ সৃষ্টি হলে হাজারো বাংলাদেশি নতুনভাবে কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং দেশের জন্য আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন।

আরও পড়ুন আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর ঘিরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মালয়েশিয়া বিএনপিও সফরের সফলতা কামনা করে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে বলে এ সময় জানানো হয়।

Advertisement

বিএনপি নেতারা বলেন, দেশের স্বার্থ ও প্রবাসীদের কল্যাণের প্রশ্নে সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সম্পর্ক জোরদার করবে না, বরং অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা, পর্যটন ও জনশক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ সময় মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল সফর কামনা করা হয়। পাশাপাশি সফরকালে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: ২ সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা

বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণ পারস্পরিক সহযোগিতার নতুন সুফল ভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সহ-সভাপতি তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, এমজে আলম, সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লাহ জাহিদ, এস এম রহমান নিপু, কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর্জা সালাহ উদ্দিন, সহ-সাংগঠনিক আব্দল আজিজ মোল্লা, যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রমজান আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ড. এসএম রহমান তনু, সদস্যসচিব শামছুল আলম হেলাল শিকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

বিএ