বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় স্ট্রোকে আক্রান্ত এক বম নারীকে হেলিকপ্টারে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
Advertisement
শনিবার (২০ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪) হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
এ পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করে। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকেলে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হয়।
Advertisement
পরে হেলিকপ্টারযোগে রামকিল বমকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
টিটি/বিএ
Advertisement