অর্থনীতি

বাংলাদেশি পণ্য আলিবাবায় বেশি রাখার আহ্বান চিটাগাং চেম্বারের

বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমে যুক্ত করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

Advertisement

তিনি বলেন, দেশের অর্থনীতি এখন নতুন রূপান্তরের পর্যায়ে রয়েছে। বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে তুলে ধরা প্রয়োজন।

শনিবার (২০ জুন) চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বারের নেতাদের সঙ্গে চীনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকমের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন সিডিএর অতীত গৌরব ফিরিয়ে আনার আহ্বান চট্টগ্রামের এমপিদের

চিটাগাং চেম্বার সভাপতি বলেন, আনোয়ারায় চীনা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি-ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অঞ্চলে রপ্তানিমুখী শিল্প ও সেবা খাত গড়ে তোলার সুযোগ রয়েছে। তিনি চীনা বিশেষায়িত অঞ্চল ও ফ্রি-ট্রেড জোনে রপ্তানিনির্ভর শিল্প এবং ইনটেক সার্ভিস স্টেশন স্থাপনের আহ্বান জানান।

Advertisement

সভায় আলিবাবার পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রায় পাঁচ কোটি সক্রিয় ক্রেতা রয়েছে। দুই লাখের বেশি সরবরাহকারীর কাছ থেকে দুই বিলিয়নের বেশি পণ্য সরবরাহ করা হয়। বাংলাদেশের বড় বাজার ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

আরও পড়ুন অভিবাসন ব্যয়ের চাপে টিকে থাকার লড়াইয়ে প্রবাসীরা

তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে কৃষিপণ্য ও সামুদ্রিক খাদ্যের উৎপাদন উল্লেখযোগ্য। আন্তর্জাতিক বাজারেও এসব পণ্যের চাহিদা রয়েছে। তৈরি পোশাকের বাইরে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আলিবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। এ উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামে আলিবাবার একটি সেন্টার চালু করা হয়েছে, যেখানে উদ্যোক্তারা প্রশিক্ষণ ও রপ্তানি সংক্রান্ত তথ্য পাবেন।

চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, দেশে ই-কমার্স খাতের সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। তরুণ উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ই-কমার্স সম্প্রসারণ ও রপ্তানি বৈচিত্র্যকরণে আলিবাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভায় চেম্বারের পরিচালক ও আলিবাবার বাংলাদেশ ও আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

এমআরএএইচ/কেএসআর