দেশজুড়ে

মসজিদের ভেতর শিশুকে ধর্ষণ, ইমামকে গণপিটুনি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (২০ জুন) রাতে ত্রিশাল থানায় মামলা করেন শিশুটির বাবা।

Advertisement

গ্রেফতার মোহাম্মদ শাহিনুর ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি ত্রিশাল উপজেলার একটি মসজিদের ইমাম ও খতিব।

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ইমাম মোহাম্মদ শাহিনুর ইসলামের কাছে আরবি শেখে শিশুটি। তার সঙ্গে আরও দুই ছেলে শিশুও আরবি শেখে। শনিবার বিকেলে শিশুটি আরবি শিখতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হয়। শিশুটির মা তার খোঁজে গিয়ে মসজিদের ভেতর ইমামকে ধর্ষণ করতে দেখেন।

এসময় শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে শাহিনুর ইসলামকে আটক করেন। তারা শাহিনুর ইসলামকে মারধর করেন ও মসজিদের ভেতরে তালাবদ্ধ রেখে পুলিশে খবর দেন। পরে জুতার মালা পরিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসে পাঠানোর পরামর্শ দেন।

Advertisement

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটির বাবা মামলা করেছেন। গ্রেফতার শাহিনুর ইসলামকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

হোসাইন সুলভ/এফএ/জেআইএম