বিনোদন

‘এখন আর বাবাকে কিছু বলার উপায় নেই’, আক্ষেপ যিশুর

আজ (২১ জুন) মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘অভিমান’। বাবা-ছেলের সম্পর্ক, না বলা অনুভূতি এবং জীবনের আবেগঘন মুহূর্তগুলোকে কেন্দ্র করে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি ও যিশু সেনগুপ্ত। ছবির মুক্তি উপলক্ষে এবার নিজের জীবনের এক আবেগময় অধ্যায়ের কথা তুলে ধরলেন যিশু।

Advertisement

সম্প্রতি ‘অভিমান’ নিয়ে কথা বলতে গিয়ে বাবা-মাকে হারানোর স্মৃতি স্মরণ করেন এই অভিনেতা। তিনি জানান, ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন। বাবার সঙ্গে অনেক কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগ আর পাননি।

যিশু বলেন, ‘আমি ছোটবেলাতেই আমার বাবা-মাকে হারিয়েছি। বাবাকে খুব ভয় পেতাম। অনেক কথা ছিল, যা কখনো বলা হয়নি। বাবাকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন আর বাবাকে কিছু বলার উপায় নেই।’

তার ভাষায়, ‘অভিমান’ শুধু একটি সিনেমা নয়, বরং অসংখ্য মানুষের জীবনের গল্প। বিশেষ করে বাবা-ছেলের সম্পর্কের এমন অনেক অনুভূতি থাকে, যা মুখে বলা হয়ে ওঠে না। সেই না বলা কথাগুলোকেই ছবিতে তুলে ধরা হয়েছে।

Advertisement

অভিনেতা বলেন, ‘এটি এক বাবা-ছেলের গল্প। একজন ছেলের তার বাবাকে খুঁজে পাওয়ার গল্প। আমাদের জীবনে অনেক না বলা কথা থেকে যায়। ছবিটি সেই অনুভূতিগুলোকে সামনে নিয়ে এসেছে।’

আরও পড়ুন সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ কেন?

ফাদার্স ডে উপলক্ষে দর্শকদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন যিশু। তিনি বলেন, ‘যাদের বাবাকে অনেক কিছু বলা হয়নি, কিংবা যাদের বাবা এখনো পাশে আছেন-সবারই এই ছবিটি দেখা উচিত। সম্ভব হলে বাবা-মায়ের সঙ্গে বসে ছবিটি দেখুন।’

নিজের বর্তমান জীবন নিয়েও কথা বলেন এই অভিনেতা। তিনি জানান, একজন বাবা হিসেবে তিনি এখন বুঝতে পারেন, অনেক সময় বাবা-মা এবং সন্তানের মধ্যে অনেক অনুভূতি জমে থাকে, কিন্তু তা প্রকাশ করা হয় না।

‘আমিও একজন বাবা। আমারও অনেক কিছু বলার থাকে, কিন্তু সবসময় বলা হয়ে ওঠে না। “অভিমান” সেই না বলা অনুভূতির গল্প,’ বলেন তিনি।

Advertisement

আরও পড়ুন ফিলিস্তিনিদের উৎসর্গ করে গাইলেন পিংক ফ্লয়েডের গায়ক রজার ওয়াটার্স

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এ প্রসঙ্গে যিশু বলেন, ‘আমার মতে, ইন্দ্রদীপ ভারতের অন্যতম সেরা সুরকার। ছবির গানগুলোও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন যিশু। তার মতে, প্রযোজকের দায়িত্ব অনেক বেশি হলেও পুরো কাজটি তিনি ভীষণ উপভোগ করেছেন। দর্শকদেরও ছবিটি ভালো লাগবে বলে আশাবাদী তিনি।

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অভিমান’। সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বাবা-ছেলের সম্পর্কের আবেগঘন গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলেই প্রত্যাশা নির্মাতাদের।

এমএমএফ/জেআইএম