ঢাকার সূত্রাপুর থানাধীন ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. মুরাদ (৪৫) এবং মো. জুয়েল (৩০)।
Advertisement
রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। গতকাল শনিবার গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সূত্রাপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার রাত আনুমানিক ২টার পর গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড এলাকার পাশে ময়লার ডিপো এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এসময় দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৫/৬ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেফতারদের দখল এবং পলাতকদের ফেলে যাওয়া আলামত থেকে একটি ধারালো স্টিলের সুইচ গিয়ার চাকু, দুটি ধারালো চাপাতি, দুটি লোহার রড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
Advertisement
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার মুরাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, জালটাকাসহ বিভিন্ন অপরাধে ৫টির বেশি মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এমকেআর
Advertisement