শিক্ষা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়লো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য তথ্য এন্ট্রির সময়সীমা বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Advertisement

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ জুন পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানেরা তথ্য ইনপুট, যাচাই ও চূড়ান্ত অনুমোদনের কাজ সম্পন্ন করতে পারবেন।

রোববার (২১ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় শিক্ষক-কর্মচারী বদলির জন্য প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।

Advertisement

আরও পড়ুন জুনে তথ্য সংগ্রহ, জুলাইয়ে এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু

তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় তথ্য ও ডেটা সংগ্রহ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।

পরে সফটওয়্যারের কারিগরি সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য বা ডেটা ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, স্কুলপর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন। আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

Advertisement

এএএইচ/ইএ