জাতীয়

বৃষ্টিতে ভাসল ঢাকা: নিউ মার্কেটে ভোগান্তির নাম ‘১০ টাকার ভ্যান’

মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (২১ জুন) রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছিল এক জলমগ্ন নগরীতে। দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা মুষলধারে বর্ষণে নগরজীবন প্রায় অচল হয়ে পড়ে। ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সৃষ্ট তীব্র জলাবদ্ধতা ও যানজটে চরম ভোগান্তিতে পড়েন অফিসফেরত ও ঘরমুখো হাজারো মানুষ।

Advertisement

সরেজমিনে ধানমন্ডি, লালবাগ, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচল করছে কচ্ছপগতিতে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে সাধারণ মানুষকে।

রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল সবচেয়ে করুণ। মার্কেটের ১ নম্বর গেটের সামনে হাঁটুসমান পানি জমে যাওয়ায় পথচারীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাত ৯টায় মার্কেট ও দোকানপাট বন্ধ হওয়ার পর ক্রেতা ও কর্মচারীরা বাড়ির উদ্দেশে রওনা দিলে তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।

জলাবদ্ধতার এই সুযোগকে কাজে লাগিয়ে ভ্যানচালকেরা জনপ্রতি ১০ টাকার বিনিময়ে পথচারীদের পারাপার করাচ্ছেন। নিরুপায় হয়ে অনেকেই প্যান্ট গুটিয়ে হাঁটুপানি ভেঙে গন্তব্যের পথে রওনা হয়েছেন।

Advertisement

গাউছিয়া মার্কেটের দোকানকর্মী আবু আলম আক্ষেপ করে বলেন, “বৃষ্টি হলেই নিউ মার্কেটের সামনে জলাবদ্ধতা এখন আমাদের কাছে অভিশাপের মতো। বছরের পর বছর ধরে জলাবদ্ধতার এই চিত্র সংবাদমাধ্যমে উঠে আসছে, কিন্তু দুর্ভোগের কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।”

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো, সোমবার দুপুরের পর আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নগরবাসীর ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এমইউ/কেএইচকে

Advertisement