বিনোদন

শ্রাবণের নতুন আয়োজনে বর্ণালী গাইলেন নজরুলের বর্ষার গান

এবারের সংগীত দিবস উপলক্ষে প্রকাশিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার। এতে সেতার বাজানোর পাশাপাশি সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)।

Advertisement

বর্ষাকে কেন্দ্র করে যুগলবন্দীর আদলে করা এই গানটিতে মূলত কণ্ঠ এবং সেতারকেই প্রাধান্য দেয়া হয়েছে।

কাজী নজরুল ইসলামের বর্ষার গান ‘বরষা ঋতু এলো এলো’ এবং বর্ষার একটি রাগ ‘মেঘ’র সমন্বয়ে অনেকটা যুগলবন্দীর আদলে করা এই গানটিতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইফতে খাইরুল আলম শুভ।

গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল (Covered by Shraban এবং Barnali Sarkar) ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যাম থেকে প্রকাশিত হয়েছে।

Advertisement

সংশ্লিষ্ট শিল্পীরা জানান, সংগীতের মানুষদের কাছে বিশ্ব সংগীত দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি বর্ষার গানও মনকে প্রাণবন্ত করে দেয়। এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির শুধু কথা আর সুর নয় সাথে প্রাধান্য দেয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকে।নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে তৈরি করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন তারা।গানটি শুনতে ক্লিক করুন - ‘বরষা ঋতু এলো এলো’

 

এলআইএ