নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত রাতে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এ সময় টানেলের একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।
Advertisement
সোমবার (২২ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম হবে। এসময় প্রয়োজন অনুযায়ী পতেঙ্গা থেকে আনোয়ারা অথবা আনোয়ারা থেকে পতেঙ্গা অভিমুখী একটি টিউবে ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে উভয় দিকের যান চলাচল অব্যাহত রাখা হবে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ চলাকালে যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয় প্রান্তে যাত্রী ও যানবাহনকে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
Advertisement
রক্ষণাবেক্ষণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সময়ে টানেল ব্যবহারকারী চালক ও যাত্রীদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এমআরএএইচ/এমআইএইচএস