আইন-আদালত

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো তুহিন ও রোকেয়াকে

জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন ও কাফরুল থানা মহিলা লীগের সভাপতি রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

সোমবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. আহসান সোহেল সৌরভ। অন্যদিকে একই থানার একটি হত্যা মামলায় রোকেয়া জামালকে গ্রেফতার দেখানোর আবেদন করেন এসআই কবির হোসেন।

Advertisement

এর আগে আবেদন দুটি শুনানির জন্য দিন ধার্য করা হয় এবং সোমবার আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা আবেদনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো মামলার ঘটনায় ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১৪ এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে আন্দোলন চলাকালে মিলন পান্না গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি গত বছরের ২৫ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।

অন্যদিকে রোকেয়া জামালকে গ্রেফতার দেখানো হত্যা মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এলাকায় গুলিবিদ্ধ হন মো. শাকিল। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ৭ আগস্ট তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।

Advertisement

তদন্তের স্বার্থে দুই আসামিকে সংশ্লিষ্ট মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আদালতে আবেদনে উল্লেখ করা হয়।

এমডিএএ/এমআইএইচএস