রাজধানীর গুরুত্বপূর্ণ বিচারিক পদ ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।
Advertisement
এ বিষয়ে রোববার (২১ জুন) রাতে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
উপ-সচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৪ জুনের মধ্যে মো. শাহজাহান কবিরকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
একই প্রজ্ঞাপনে ঢাকার বর্তমান মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।
Advertisement
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর মো. সাব্বির ফয়েজ ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব নেন।
সাতক্ষীরার সন্তান শাহজাহান কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ১৮তম বিসিএস (বিচার) ক্যাডারের মাধ্যমে বিচার বিভাগে যোগ দেন। দীর্ঘ বিচারিক জীবনে তিনি দেশের বিভিন্ন আদালতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।
বগুড়ার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের আগে শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (প্রসিকিউশন) এবং নেত্রকোনা জেলা ও দায়রা জজ হিসেবেও কর্মরত ছিলেন।
এমডিএএ/একিউএফ
Advertisement