তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে মেসেজ না পাঠিয়েই বুঝবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পরও যদি দীর্ঘ সময় কোনো উত্তর না আসে, অথবা হঠাৎ করে কারো প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’ কিংবা অনলাইন স্ট্যাটাস দেখা বন্ধ হয়ে যায়, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে তাহলে কি তিনি আমাকে ব্লক করেছেন?

Advertisement

তবে এসব লক্ষণ দেখেই নিশ্চিত হওয়া যায় না। কারণ অনেক ব্যবহারকারী ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য বিভিন্ন প্রাইভেসি সেটিংস ব্যবহার করেন, যার ফলে এসব তথ্য অন্যদের কাছে দৃশ্যমান থাকে না।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক প্ল্যাটফর্ম ওয়েবিটাইনফোর একটি প্রতিবেদনে জানা গেছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে ব্লক হওয়ার বিষয়টি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। ফিচারটির নাম এনক্রিপশন ভেরিভিকেশন।

কী এই এনক্রিপশন ভেরিভিকেশন?

মূলত এই ফিচারটি তৈরি করা হয়েছে চ্যাটের এন্ড-টু-এন্ড এনক্রিপশন ঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করার জন্য। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিশ্চিত হতে পারবেন যে তাদের বার্তা, ভয়েস কল ও ভিডিও কল নিরাপদভাবে সুরক্ষিত রয়েছে।

Advertisement

তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই যাচাই প্রক্রিয়ার ফলাফল থেকে কোনো ব্যবহারকারী ব্লক হয়েছেন কি না, সে সম্পর্কেও একটি ধারণা পাওয়া যেতে পারে।

কীভাবে ব্যবহার করবেন?

এই ফিচার ব্যবহার করতে হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে থাকা চ্যাটটি খুলতে হবে। এরপর তার প্রোফাইল বা নামের ওপর ট্যাপ করে ‘এনক্রিপশন’ অপশনে প্রবেশ করতে হবে।

এরপর হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপশন যাচাই করার চেষ্টা করবে। যদি যাচাই সফলভাবে সম্পন্ন হয়, তাহলে ধরে নেওয়া যাবে যে চ্যাট সংযোগ স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, যদি একাধিকবার স্বয়ংক্রিয় যাচাই ব্যর্থ হয় এবং অ্যাপ বিকল্প যাচাই পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেয়, তাহলে সেটি ব্লক হওয়ার সম্ভাবনার একটি ইঙ্গিত হতে পারে।

Advertisement

মেসেজ বা কল করার প্রয়োজন নেই

এই পদ্ধতির অন্যতম সুবিধা হলো, সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো মেসেজ পাঠাতে বা কল করতে হবে না। ফলে আপনি যাচাই করার চেষ্টা করছেন এ বিষয়টি অপর ব্যবহারকারী জানতে পারবেন না।

এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি যে এনক্রিপশন ভেরিভিকেশন ফিচার ব্যবহার করে শতভাগ নিশ্চিতভাবে ব্লক হওয়ার তথ্য জানা সম্ভব হবে। ওয়েবিটাইনফো জানিয়েছে, ফিচারটি বর্তমানে উন্নয়নাধীন এবং ভবিষ্যতে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

২০২৩ সালেও হোয়াটসঅ্যাপ এনক্রিপশন যাচাই-সংক্রান্ত একটি ফিচার চালু করেছিল। কিন্তু সেটি তুলনামূলক জটিল হওয়ায় অনেক ব্যবহারকারী অসন্তোষ প্রকাশ করেন। পরে সেই ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, নতুন সংস্করণটি আগের তুলনায় অনেক বেশি সহজ ও ব্যবহারবান্ধব হবে।

কেএসকে