দেশজুড়ে

জামালপুরে লাগেজে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

জামালপুরের ইসলামপুরে লাগেজের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর-ডেফলা সড়কের চতলাপাড়া এলাকার একটি পুকুরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, স্থানীয় বাসিন্দা আলমাছ রাতে পুকুরে একটি পরিত্যক্ত লাগেজ দেখতে পান। লাগেজটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তার সন্দেহ হয়। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘একটি লাগেজের ভেতর থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

Advertisement

হৃদয় আহম্মেদ/এএইচ/এএসএম