নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির ঘটনায় ছয় জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা জেলার আটঘরিয়া উপজেলার হায়দারপুর নতুন পাড়া গ্রামের মৃত বিল্লাল মিথ্যার ছেলে মাহতাব মৃধা ৩২, একই এলাকার মাছিমপুর গ্রামের আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামাণিক ৪৬, তারা প্রাসা গ্রামের গোলাম হোসেনের ছেলে সেলিম হোসেন ৩২ চরঘোশপুর গ্রামের মিঠু শিখির ছেলে সাদ্দাম হোসেন ৩৫ একই গ্রামের মোফাজ্জল মন্ডলের ছেলে আব্দুল খালেক ৩৪ এবং কষাখালী গ্রামের আজগর হোসেনের ছেলে সাগর শেখ ২২।
মোহাম্মদ শরিফুল হক জানান, গত ৩০ মে লালপুর থানার অর্জুনপুর শ্রীরামগাড়ি গ্রামে সাজিদ জুট মিলে ১২ থেকে ১৪ জনের একদল ডাকাত হামলা চালায়। তারা জুট মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও চারজন স্টাফকে বেঁধে রেখে ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সাজিদ জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় নাটোর ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম অভিযান চালিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
এছাড়া বাকি ডাকাতদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ সক্রিয় রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রেজাউল করিম রেজা/এনএইচআর/এএসএম