বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের সবচেয়ে বড় প্রশ্ন এখন প্রতিপক্ষ উজবেকিস্তান নয়,বরং ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী অধিনায়ক কি আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে থাকবেন, নাকি বেঞ্চে বসে শুরু করতে হবে? সেই উত্তর এখনো গোপন রেখেছেন কোচ রবার্তো মার্তিনেস।
Advertisement
বিশ্বকাপের প্রথম ম্যাচে পর্তুগাল ১-১ গোলে ড্র করে কঙ্গোর সঙ্গে। সেই ম্যাচে রোনালদো গোল করতে পারেননি, এমনকি তার পারফরম্যান্স নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। পুরো ম্যাচ জুড়ে তিনি বল পায়ে নিতে পেরেছিলেন মাত্র ২৫ বার। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে টেলিভিশন বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, পর্তুগালের আক্রমণভাগে এখনও কি রোনালদোই সেরা বিকল্প? বা পর্তুগাল একাদশে থাকার মতো পারফর্ম কি তিনি এখনও করছেন?
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মার্তিনেজকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল, রোনালদো কি উজবেকিস্তানের বিপক্ষে শুরু থেকেই খেলবেন? জবাবে তিনি বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের এখনো একাদশ জানাইনি, তাই আপনাদেরও বলতে পারছি না।’
তবে রোনালদোর প্রতি আস্থা হারাননি পর্তুগাল কোচ। তার মতে, দলের জন্য জায়গা তৈরি করা, প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোনালদো এখনও অনন্য। মার্তিনেজ তাকে ‘দলের জন্য রোল মডেল’ বলেও উল্লেখ করেছেন।
Advertisement
এদিকে পরিস্থিতি পর্তুগালের জন্য সহজ নয়। গ্রুপ কে-তে প্রথম ম্যাচে ড্র করার পর নকআউট পর্বের পথে থাকতে হলে উজবেকিস্তানের বিপক্ষে জয় প্রায় অপরিহার্য। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তানও নিজেদের ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। কোচ ফ্যাবিও ক্যানাভারো অবশ্য সতর্ক করে দিয়েছেন, শুধু রোনালদোকে আটকালেই হবে না, পর্তুগাল দলে আরও অনেক ম্যাচজয়ী ফুটবলার আছেন।
তবু আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই, রোনালদো। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা এই অভিজ্ঞ খেলোয়াড় এখনও বিশ্বকাপের ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছেন। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই শুধু পর্তুগালের জন্য নয়, রোনালদোর জন্যও হতে পারে এক কঠিন চ্যালেঞ্জ।
টিটিটি/আইএন
Advertisement