দেশজুড়ে

বন্যা-নদীভাঙন আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে বেড়েছে পানি। এদিকে বন্যা ও নদীভাঙন আতঙ্কে রয়েছেন তীরবর্তী মানুষ।

Advertisement

পাউবো সূত্রে জানা গেছে, সোমবার পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও মঙ্গলবার (২৩ জুন) সকালে উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করে। ডালিয়া পয়েন্টে বিকেল ৩ টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছিলো।

​হঠাৎ করে পানি বাড়ায় দিশেহারা হয়ে পড়েছেন তিস্তা পাড়ের মানুষ। মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার মৎস্যচাষি রাইসুল ইসলাম বলেন, হঠাৎ করে পানি বাড়ছে, এদিকে আবার বৃষ্টিও পড়ছে। পুকুরে মাছ রয়েছে, সেগুলো ভেসে যায় কিনা তা নিয়ে খুব চিন্তায় আছি। তাছাড়া পানি কমার সঙ্গে সঙ্গেই আবার ভাঙনও দেখা দেবে। কবে যে তিস্তার কাজ হবে আর আমাদের এই কষ্ট দূর হবে তা জানি না।

একই শঙ্কার কথা জানিয়েছেন খুনিয়াগাছ ইউনিয়নের আনন্দবাজার এলাকার বাসিন্দা সানজিদা বেগম।

Advertisement

তিনি বলেন, শুনলাম তিস্তায় পানি বেড়ে গেছে। ইতোমধ্যে অল্প অল্প করে পানি বাসার দিকে ঢোকা শুরু হয়েছে। রাতের মধ্যে হয়তো আরও বাড়বে, কী যে হবে আমাদের।

​সার্বিক পরিস্থিতি নিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানান, লালমনিরহাটের প্রধান দুটি নদী তিস্তা ও ধরলায় প্রতি বছরই উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পায়, ফলে বন্যা ও নদীভাঙন দেখা দেয়। গত দুই দিনে উজানের ঢল ও বৃষ্টির কারণে পানির এই ওঠানামায় ইতোমধ্যে বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্টের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে আগামী ৭২ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে বা এর কাছাকাছি প্রবাহিত হতে পারে এবং ৭২ ঘণ্টার মধ্যে তা আবার কমেও যেতে পারে। তবে পানি বৃদ্ধির কারণে যেসব পয়েন্টে ভাঙন দেখা দিতে পারে, সেগুলো রক্ষায় পানি উন্নয়ন বোর্ড সতর্ক অবস্থানে রয়েছে। ভাঙনরোধে পর্যাপ্ত বালুভর্তি জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

মহসীন ইসলাম শাওন/এনএইচআর/জেআইএম

Advertisement