জাতীয়

পল্লবীর সেই শিশুর মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশুর মৃত্যুশোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের মর্মান্তিক মৃত্যু তাকে গভীর মানসিক আঘাতের মধ্যে ফেলেছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, নিউরোলজিক্যাল সমস্যা (ভার্টিগো) এবং পরিপাকতন্ত্রজনিত নানা জটিলতায় ভুগছেন তিনি। মানসিক ও শারীরিক এই দুর্ভোগে তার জীবন আরও কষ্টকর হয়ে উঠেছে।

Advertisement

এ অবস্থায় শিশুটির বাবা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সহযোগিতা কামনা করেন। বিষয়টি জানার পর তিনি দ্রুত মানবিক উদ্যোগ নেন। তার ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৩ জুন) সকালে শিশুর মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. রফিক বলেন, চিকিৎসার জন্য গঠন করা হবে একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড। যেখানে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা থাকবেন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের কারণে তার শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। এরই মধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা শুরু হয়েছে।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বিস্তারিত পরীক্ষার পরই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

পরিবার ও সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থতার পথে ফিরতে পারবেন।

কেএইচ/এমএএইচ/

Advertisement