সাংস্কৃতিক কর্মকাণ্ডকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সংস্কৃতির আলো দিয়েই সমাজের অন্ধকার দূর করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
Advertisement
তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন চসিক মেয়রসভায় চট্টগ্রামের শিল্পী, গায়ক, বাদক, নাট্যকার, কবিয়াল, সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
Advertisement
ডা. শাহাদাত হোসেন বলেন, একটি জাতির মেরুদণ্ড তার সংস্কৃতি। অপসংস্কৃতির আগ্রাসন থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধ ধারণ করতে হবে। সংস্কৃতির আলো দিয়েই সমাজের অন্ধকার দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক বিকাশে এবং সংস্কৃতিকর্মীদের কল্যাণে চট্টগ্রাম সিটি করপোরেশন পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, চট্টগ্রাম জেলার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার এবং সংস্কৃতিকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।
চট্টগ্রাম জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি দিলশাদ আহমেদের সভাপতিত্বে এবং হ্যাপি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের মহাসচিব রফিকুল ইসলাম।
Advertisement
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব ও কবি-অভিনেতা এবিএম সোহেল রশিদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি এবং সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ও নিয়াজ মোহাম্মদ খান, সদস্য মামুনুল ইসলাম হুমায়ূন, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমগীর, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার পাহালভী, জাসাস দক্ষিণ জেলার সভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
এমআরএএইচ/এমএমকে