ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৮) নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ফরিদপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম সই করা ওই অফিস আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
আরও পড়ুন ফরিদপুরে ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যুবিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরইমধ্যে ওই কর্মকর্তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
Advertisement
এর আগে রোববার (২১ জুন) সকালের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। তিনি মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া এলাকার মৃত এস্কেন্দার হায়দারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন।
পুলিশ জানায়, শনিবার (২০ জুন) দিনগত রাত ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইশতিয়াক আহম্মেদ প্রান্তের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ফরিদপুরে এনে জেলা গোয়েন্দা শাখার হাজতে রাখা হয়।
পুলিশের দাবি, হাজতে থাকা অবস্থায় প্রান্ত অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
Advertisement