আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে নিহত ১

কলকাতা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় মঙ্গলবার (২৩ জুন) হঠাৎ আঘাত হেনেছে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি। ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই ঝড়ে কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছপালা, জলমগ্ন হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তা।

Advertisement

এদিকে উত্তরবঙ্গে ঝড়ের সময় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

এদিন দুপুরে কলকাতার একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎসহ তুমুল ঝড়-বৃষ্টি শুরু হলে কলকাতা হাইকোর্ট চত্বরে একটি বিশাল আকৃতির গাছ উপড়ে পড়ে। হাইকোর্টের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা আইনজীবীদের একাধিক গাড়ির ওপর গাছটি আছড়ে পড়ায় গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়। এছাড়া পার্ক স্ট্রিট এবং ধর্মতলার এক্সাইড মোড়েও গাছ ভেঙে পড়ে বিপত্তি দেখা দেয়।

ব্যস্ততম এসব রাস্তায় গাছ উপড়ে পড়ায় বেশ কিছুক্ষণ যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে। পরে কলকাতা পৌরসভা, দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা এসে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

ঝড়-বৃষ্টির জেরে উত্তরবঙ্গের রায়গঞ্জের পশ্চিম বালাবাড়ী এলাকায় একটি হাইটেনশন বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পাঁচজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা-শীতলকুচি ব্লকের সাটিমারি এলাকায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মেনকা বর্মন (৫৯)।

কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চল ও ডুয়ার্সে ‘কমলা সতর্কতা’ (Orange Alert) জারি করা হয়েছে। এদিনের ঝোড়ো বৃষ্টির পর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

ডিডি/কেএএ/

Advertisement