ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর এই প্রথম বিদেশ সফরে বের হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় সফরে তিনি মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানে পৌঁছেছেন। এদিন রাজধানী ইসলামাবাদের কাছে একটি সামরিক ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে সশরীরে হাজির হন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
Advertisement
দিনব্যাপী এই সফরে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মন্ত্রী ও সরকারের শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন। সফরে তিনি শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জারদারির সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে।
আরও পড়ুন ইরান যুদ্ধে ভাগ্যবদল / রাতারাতি ধনী হয়ে যাচ্ছে কিছু মানুষ!পেজেশকিয়ান যে বিশেষ প্লেনে চড়ে পাকিস্তানে গেছেন, সেটির নাম দেওয়া হয়েছে ‘মিনাব ১৬৮’। গত ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথমদিন ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ১৬৮ জন শিক্ষার্থীর স্মরণে প্লেনটির এই নামকরণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান থেকে গিয়ে এই প্রতিনিধিদলে যোগ দেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পর দুই দেশের প্রতিনিধিদল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানি এবং ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিকও ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগসহ দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে।
Advertisement
মাসুদ পেজেশকিয়ানের এই পাকিস্তান সফরটি এমন এক সময়ে হচ্ছে, যার ঠিক আগেই সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে প্রথম দফার ঐতিহাসিক শান্তি আলোচনা সম্পন্ন হয়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হওয়া ওই শান্তি চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করে রাখা ১২ বিলিয়ন ডলার তহবিল অবমুক্ত করতে রাজি হয়েছে। একই সঙ্গে, আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন, যার ফলে ইরান তেল ও পেট্রোকেমিক্যাল বিক্রি করতে পারবে।
প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের এটি দ্বিতীয় পাকিস্তান সফর। এর আগে, ২০২৫ সালের আগস্টে ইরান-ইসরায়েল যুদ্ধের পর তিনি প্রথম পাকিস্তান সফর করেছিলেন।
গত ১৮ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষরিত হয়। এতে মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
সূত্র: আল-জাজিরাকেএএ/
Advertisement