খেলাধুলা

মেসির ইতিহাস গড়ার দিনে আলোচনায় আন্তোনেলার ‘লাকি’ জার্সি

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করে দলকে শেষ ৩২-এ তুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে মাঠের বাইরে আলোচনায় উঠে এসেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

Advertisement

কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে এনে এবারও জার্সি বদলের একটি পুরোনো 'রীতি' অনুসরণ করেছেন আন্তোনেলা। বিষয়টি নজর কেড়েছে সমর্থকদের। ২০২২ বিশ্বকাপে শুরুতে আর্জেন্টিনার আকাশি-সাদা হোম জার্সি পরলেও সৌদি আরবের বিপক্ষে হারের পর বেগুনি রঙের অ্যাওয়ে জার্সিতে চলে যান আন্তোনেলা। এরপর পুরো টুর্নামেন্টজুড়েই সেই জার্সি পরে দেখা যায় তাকে। এমনকি তাদের তিন ছেলে—থিয়াগো, মাতেও ও সিরোও একই জার্সি পরেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

এবারও বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হোম জার্সি পরেছিলেন আন্তোনেলা। তবে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যায় অ্যাওয়ে জার্সিতে। বিষয়টি নতুন করে কুসংস্কার বা 'লাকি চার্ম' নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের দিনের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন আন্তোনেলা। সেখানে মেসিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বারবার ইতিহাস গড়তে তোমাকে দেখতে পারা কত বড় সৌভাগ্যের। তোমাকে ভালোবাসি, @leomessi!!!’

Advertisement

এদিকে মাঠে আরও একবার ইতিহাস গড়েছেন মেসি। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে জিতিয়েছেন। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ১৮ গোলের মালিক হয়েছেন তিনি। এছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি জয় (১৮), সবচেয়ে বেশি ম্যাচ (২৮) এবং সবচেয়ে বেশি সময় মাঠে থাকার (২,৪৮৯ মিনিট) রেকর্ডও এখন তার দখলে।

এখন দেখার বিষয়, জর্ডানের বিপক্ষের ম্যাচেও আন্তোনেলা ও তাদের সন্তানরা একই অ্যাওয়ে জার্সি পরেন কি না, নাকি বদলে ফেলেন সেই 'লাকি' সাজ।

এসকেডি/জেআইএম

Advertisement