দেশজুড়ে

ময়মনসিংহে ৯ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ জেলায় ৯ লাখ ৩০ হাজার ৭৭১ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে।

Advertisement

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৩ হাজার ৬৪৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৯২ হাজার ৭৮৪ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৮ লাখ ৩৮ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ৫৯৭ জন সুপারভাইজার, ৭ হাজার ৩৮ জন স্বেচ্ছাসেবক, এনজিওকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগর এলাকার প্রায় ৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের সিভিল সার্জন ফয়সাল আহমেদ বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান।

Advertisement

তিনি আরও বলেন, শুধু ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ালেই হবে না, শিশুদের নিয়মিত ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ানোর পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দিতে হবে।

সভায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আলী এমদাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার তরিকুল ইসলাম, ডা. রিপন রায়, ট্রাফিক ইনস্পেক্টর গোলাম মাওলা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

হোসাইন সুলভ/এমআইএইচএস

Advertisement