দেশজুড়ে

বরিশালে পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে পারফিউম বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অসুস্থরা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক শিক্ষার্থী তার সহপাঠীদের শরীরে পারফিউম বডি স্প্রে দিয়ে দেয়। এসময় আশপাশে থাকা শিক্ষার্থীরা তীব্র ঘ্রাণে শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হল কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারা মনি, সাদিয়া, বিথী। এছাড়া জিসান ও মাহিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসুস্থ শিক্ষার্থীদের বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।

Advertisement

বিদ্যালয় প্রধান শিক্ষক হান্নান মিয়া জানান, নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীদের শরীরে পারফিউম বডি স্প্রে লাগিয়ে দেয়। এসময় আশপাশে থাকা ১৪ থেকে ১৫ জন শিক্ষার্থী এই ঘ্রাণে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। ওই সময় তারা অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখছি। ব্যবহৃত পারফিউম স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুজিত ঢালি জানান, ১৫ জনের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে বিদ্যালয় ও হাসপাতালে খোঁজখবর নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শাওন খান/এমআইএইচএস

Advertisement