রাজধানীর মিরপুরে বাসা থেকে স্ত্রী আফরা ইভনাত ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি হবে আজ বুধবার (২৪ জুন)।
Advertisement
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
পরে ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ইকরাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ও উসকানিমূলক মন্তব্য করতেন যাহের আলভী। এছাড়া বিবাহিত থাকা অবস্থায় অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে বিভিন্ন মন্তব্য পোস্ট করার অভিযোগও তুলে ধরা হয়। মামলার প্রকৃত ঘটনা উদঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন তথ্য যাচাইয়ের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, গত ৪ জুন একই মামলায় যাহের আলভীর মা নাসরিন সুলতানা আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
Advertisement
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
এমডিএএ/এসএনআর