লক্ষ্মীপুরের রামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পরে তাদের বিরুদ্ধে সরকার বিরোধী বিশৃঙ্খলা করার অভিযোগে মামলা হয়েছে। উপজেলার ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রাব্বি বাদী হয়ে থানায় এ মামলা করেন।
Advertisement
এ মামলায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খানকে প্রধান করে ১৭৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে অভিযোগ আনা হয়।
মঙ্গলবার (২৩ জুন) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সন্দেহজনক একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানায়নি পুলিশ।
থানা সূত্র জানায়, সোমবার (২২ জুন) রাতে ছাত্রদল নেতা রবিউল হাসান রাব্বি বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় মামলাটি করেন। বাদী রাব্বী উপজেলার দেবনগর গ্রামের নুরুল ইসলাম কালার ছেলে।
Advertisement
মামলার প্রথম অভিযুক্ত আনোয়ার খান লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু বলেন, ‘রাব্বি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক। একমাস আগে ওই কমিটি স্থগিত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় সে গ্রেফতার হয়েছিল।’
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বলেন, ‘এজাহার নামীয় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ মামলায় সন্দেহজনকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে।’
কাজল কায়েস/এফএ/এএসএম
Advertisement