বিনোদন

শুটিং সেটে কর্মীর মৃত্যু, আইনি জটিলতায় সঞ্জয় লীলা বানসালি

বলিউডের আলোচিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি নতুন করে বিতর্কের মুখে পড়েছেন। তার নির্মাণাধীন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালে এক কর্মীর মৃত্যুর ঘটনায় পরিচালকের বিরুদ্ধে মামলা ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের গোরেগাঁওয়ের রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান কাঠমিস্ত্রি চন্দ্রধারী যাদব। তিনি সিনেমাটির সেট নির্মাণকাজে যুক্ত ছিলেন।

ঘটনার পর বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান নিহতের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেয়। তবে এই প্রস্তাবে সন্তুষ্ট নয় চলচ্চিত্রকর্মীদের সংগঠন অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্লইজ।

সংগঠন দুটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের কাছে চিঠি দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে এফআইআর এবং নিহতের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।

Advertisement

অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কাজ করতে বাধ্য করা হয়েছিল চন্দ্রধারী যাদবকে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সকাল ৭টা থেকে পরদিন ভোর ৩টা পর্যন্ত কাজে নিয়োজিত ছিলেন। এ কারণে চলচ্চিত্র শিল্পে কর্মীদের কাজের সময়সীমা ও নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনার দাবিও তুলেছে সংগঠনগুলো।

আগামী বছর মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল।

 

এলআইএ

Advertisement