বিনোদন

এটিএন ফোক স্টুডিওতে গাইলেন কাজল আরিফ

বাংলা লোকগানকে নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতার কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ‘এটিএন ফোক স্টুডিও’ নামে নতুন এ আয়োজনে দেশের শতাধিক শিল্পীর কণ্ঠে পরিবেশিত হবে প্রায় ৪০০ গান।

Advertisement

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এর শুটিং সম্পন্ন হয়েছে।

এই আয়োজনের অধিকাংশ গানের কথা ও সুর করেছেন সংগীতজ্ঞ মান্নান মোহাম্মাদ। তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পটিতে সংগীত আয়োজনে সহযোগিতা করেন ছেলে সানি মোহাম্মদ। তিনি লন্ডনে সংগীত বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে কাজ শুরু করেন।

এ আয়োজনের দুটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজল আরিফ। এর মধ্যে একটি মান্নান মোহাম্মদের কথা ও সুরে ‘তোর পিরিতের বিষে’ শিরোনামের গান। অন্যটি কাজল আরিফের জনপ্রিয় গান ‘কেমন ভালোবাসো’। এটি এবার নতুন ফিউশন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। গত ২৩ জুন বিএফডিসিতে গান দুটির শুটিং সম্পন্ন হয়েছে।

Advertisement

কাজল আরিফ বলেন, এটিএন ফোক স্টুডিওতে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। বিশেষ করে মান্নান মোহাম্মদের মতো গুণী গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগকে তিনি নিজের জন্য সৌভাগ্যের বলে মনে করেন। একই সঙ্গে বাংলা লোকগানকে নতুন আঙ্গিকে উপস্থাপনের এ উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

অন্যদিকে মান্নান মোহাম্মদ জানান, দেশের শিকড়ের গান আধুনিক উপস্থাপনায় তুলে ধরার ভাবনা থেকেই এ আয়োজন। তবে আধুনিকায়নের মধ্যেও লোকগানের মৌলিক স্বাদ ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার চেষ্টা করা হয়েছে। দেশীয় ও পাশ্চাত্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে গানগুলো সাজানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘নতুন একটা প্রেমে পড়ো’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আলোচনায় আসেন কাজল আরিফ। এরপর নিয়মিত মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাসো’ এবং ন্যান্সির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বর্ষাবরণ’।

 

এলআইএ

Advertisement