দেশজুড়ে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টঙ্গী স্টেশন রোড বাস কাউন্টার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে ওই যুবক একজনের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় স্থানীয় অটোরিকশাচালক ও পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে আটকানোর চেষ্টা করলে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কোনো গ্রেফতারের তথ্যও পাওয়া যায়নি।

Advertisement

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির বিশেষজ্ঞ টিমের সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এফএ/এএসএম