আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সহায়তায় এগিয়ে আসছে ইসরায়েল

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর দেশটিতে সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ জুন) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে এবং কী ধরনের সহায়তা দেওয়া যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার (২৫ জুন) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে প্রথমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর এক মিনিটেরও কম সময় পরে ৭.৫ মাত্রার আরেকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়।

ইউএসজিএস-এর পূর্বাভাসভিত্তিক মডেল অনুযায়ী, নিহতের সংখ্যা সম্ভবত হাজার ছাড়িয়ে যেতে পারে এবং ১০ হাজারেরও বেশি মৃত্যুর উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

Advertisement

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও প্রায় ৭০০ জন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই ছিল ব্যাপক মাত্রার এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়টি পরিষ্কার করে বলেননি তিনি।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করার জন্য প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম! তিনি আরও বলেন, সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছেন।

এক মিনিটের ব্যবধানে দেশটিতে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Advertisement

কেএম