দেশজুড়ে

দেশের সব সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে: সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ১৮ বছরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দেশের সব সাংবিধানিক, স্বায়ত্তশাসিত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন, আমরা সেই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের পথ বের করার চেষ্টা করছি। সব কিছুই নতুন করে সাঁজাতে হচ্ছে। দেশের হারিয়ে যাওয়া সুস্থ ধারার সংস্কৃতি পুনরুদ্ধারে ৪৮ দেশের সঙ্গে সরকারের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস রয়েছে, তা হাজার বছরের পুরোনো ও সমৃদ্ধ। সেই সংস্কৃতির ধারা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খননকাজ শুরু হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্র সহ সারাদেশে সরকারি পাবলিক লাইব্রেরিগুলো সচল করতে চাই। সে লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে।

Advertisement

মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলুপ্ত প্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন ফকিরের গান, জারি গান, লোকগানের পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, অঙ্কুর নাট্য অ্যাকাডেমির পরিচালক নাজিমুদ্দিন জুলিয়াস।

এম শাহাজান/এএইচ/এএসএম

Advertisement