জাতীয়

প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ১২৬ আনসার-ভিডিপি সদস্য

বিশেষ জব ফেয়ারের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি পেলেন ১২৬ জন আনসার-ভিডিপি সদস্য। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।

Advertisement

শনিবার (২৭ জুন) অনুষ্ঠিত এ জব ফেয়ারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মৌখিক সাক্ষাৎকার ও ব্যবহারিক দক্ষতা যাচাই করে ড্রাইভার ও ড্রাইভার’স হেলপার পদে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান জানান, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব মূল্যায়নের পর প্রাণ-আরএফএল গ্রুপ ১২৬ জনকে নিয়োগের জন্য নির্বাচন করেছে। নির্বাচিতরা ১ জুলাই থেকে প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে ড্রাইভার পদে মাসিক ২৫ হাজার টাকা এবং ড্রাইভার’স হেলপার পদে ১৭ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ট্রাভেল অ্যালাউন্স, আবাসন সুবিধা, দৈনিক একবেলা খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি, পারফরম্যান্স বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা।

Advertisement

জব ফেয়ারে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলার মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যরা অংশ নেন। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের দক্ষতা যাচাইয়ের পাশাপাশি তাদের বাস্তব ড্রাইভিং সক্ষমতাও পরীক্ষা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে সদস্যদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও কর্মমুখী করা হয়েছে বলেও জানানো হয়।

টিটি/এসআর

Advertisement