জাতীয়

হাইওয়ে পুলিশের প্রধান হলেন ফারুক আহমেদ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. ফারুক আহমেদকে বদলি করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দিয়েছে সরকার।

Advertisement

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশের একাধিক ইউনিটে বিভিন্ন পদমর্যাদার আরও ২০ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়েছে।

১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।

বগুড়ায় বাড়ি হওয়ায় রাজনৈতিক বিবেচনায় অত্যন্ত সৎ, মেধাবী ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা হওয়ার পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়েছিল। ২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের হস্তক্ষেপে তাকে সেখান থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়।

Advertisement

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের মধ্যে তিনি পুলিশ সুপার থেকে পদোন্নতি পান। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পান। সেখানে তিনি প্রশাসনিক কাজে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেন। পরে ডিএমপি থেকে তাকে র‍্যাবে বদলি করা হয়।

সর্বশেষ গত ৪ জুন বর্তমান সরকার ফারুক আহমেদসহ পুলিশের পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়। এরপর ৭ জুন পুলিশ সদর দপ্তরে তাদের নতুন পদমর্যাদার র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

টিটি/এমকেআর

Advertisement