আকাশপ্রেমীদের জন্য সুখবর। চলতি মাসেই ভারতের আকাশে দেখা যাবে গ্রীষ্মের প্রথম পূর্ণিমার চাঁদ, যা ‘স্ট্রবেরি মুন (Strawberry Moon) ’ নামে পরিচিত। এই পূর্ণিমার চাঁদ দিগন্তের খুব নিচু পথে উদিত হবে ও অনেক সময় এটি সোনালি বা অ্যাম্বার রঙের আভা ছড়াতে দেখা যায়। তবে নাম শুনে অনেকেই ভাবতে পারেন চাঁদটি লাল বা গোলাপি রঙের হবে। বাস্তবে কিন্তু তা নয়।
Advertisement
কখন দেখা যাবে?
সময় বিষয়ক সংস্থা ‘টাইম অ্যান্ড ডেট’র তথ্য অনুযায়ী, স্ট্রবেরি মুন সর্বোচ্চ পূর্ণতায় পৌঁছাবে ভারতীয় সময়ে ২০২৬ সালের ৩০ জুন ভোর ৫টা ২৭ মিনিট। অর্থাৎ বাংলাদেশ সময়ে ৩০ জুন ভোর ৬টার দিকে।
তবে বাংলাদেশে এই পূর্ণিমা দেখার সবচেয়ে ভালো সময় হবে ২৯ জুন সন্ধ্যা। সেদিন সূর্যাস্তের পর দক্ষিণ-পূর্ব দিগন্তের দিকে তাকালেই সবচেয়ে ভালোভাবে চাঁদটি দেখা যাবে। সুনির্দিষ্ট অবস্থানের ওপর সময় কিছুটা পরিবর্তিত হতে পারে।
Advertisement
ভালো খবর হলো, খালি চোখে চাঁদটি ২৮, ২৯ ও ৩০ জুন- টানা তিন রাত প্রায় পূর্ণিমার মতোই দেখা যাবে। ফলে কোনো একদিন মেঘ থাকলেও অন্য দিনগুলোতে দেখার সুযোগ থাকবে।
কীভাবে সবচেয়ে ভালো দেখা যাবে?
স্ট্রবেরি মুন দেখার জন্য কোনো টেলিস্কোপের প্রয়োজন নেই। পূর্ণিমার চাঁদ এতটাই উজ্জ্বল যে খালি চোখেই স্পষ্টভাবে উপভোগ করা যাবে। সর্বোত্তম অভিজ্ঞতার জন্য এমন জায়গা বেছে নেওয়া উচিত, যেখানে আলোকদূষণ কম ও পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিগন্ত খোলা থাকে।
চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় দিলে চাঁদ আরও পরিষ্কারভাবে দেখা যাবে।
Advertisement
স্ট্রবেরি মুন কী?
নামের সঙ্গে ‘স্ট্রবেরি’ থাকলেও এই পূর্ণিমার চাঁদ কখনোই গোলাপি বা লাল রঙের হয় না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, ‘ফুল স্ট্রবেরি মুন’ নামটির উৎপত্তি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বসবাসকারী অ্যালগনকুইন আদিবাসীদের কাছ থেকে। জুন মাসে যখন স্ট্রবেরি পাকার মৌসুম শুরু হতো ও ফল সংগ্রহের সময় আসতো, তখনকার পূর্ণিমাকে তারা ‘স্ট্রবেরি মুন’ নামে ডাকতেন।
নাসা জানিয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নামটি ব্যবহার হয়ে আসছে এবং এখনও বিশ্বের বহু মানুষ এই পূর্ণিমাকে একই নামে চেনে। বিভিন্ন সংস্কৃতিতে আবার এই পূর্ণিমাকে ‘রোজ মুন’ (Rose Moon) কিংবা ‘হানি মুন’ (Honey Moon) নামেও ডাকা হয়। এসব নামও গ্রীষ্মের শুরুর দিকের ফসল সংগ্রহের সময়ের সঙ্গে সম্পর্কিত।
এ বছরের স্ট্রবেরি মুন কেন বিশেষ?
২০২৬ সালের স্ট্রবেরি মুনের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এটি উত্তর গোলার্ধে ২১ জুনের গ্রীষ্মকালীন অয়নের (Summer Solstice) পর প্রথম পূর্ণিমা। এই সময়ের কারণে পূর্ণিমার চাঁদটি ২০২৬ সালে অন্য সব পূর্ণিমার তুলনায় আকাশে সবচেয়ে নিচু পথ ধরে চলবে ও পুরো রাতজুড়েই দক্ষিণ দিগন্তের কাছাকাছি অবস্থান করবে।
সূত্র: এনডিটিভি
এসএএইচ